বগুড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল চারজনের

বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে।

নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। তিনি ময়মনসিংহের সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। বাকি তিনজনের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতরা সবাই পিকআপের চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ী।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। পথে কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক, হেলপার ও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়।

ওসি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে কাহালু থানায় নিয়ে যান। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।