৫ সিটিতে নৌকার প্রার্থী যারা

৫ সিটি করপোরেশনে মেয়র পদে নৌকা প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।  খুলনায় তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, গাজীপুরে আজমত উল্লা খান।  বিভিন্ন জরিপের ভিত্তিতে এই প্রার্থীতা চূড়ান্ত করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।  সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।  চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  সব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে।  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।  সব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।