ঈদের আগে মার্কেটগুলোতে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে, যার অধিকাংশই ভোরে ঘটছে। এ আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা বা নাশকতা কিনা তা আইন-শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণের পর সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিকদের বিফ্রিংয়ে তিনি এমন কথা জানান।
তিনি বলেন, ঈদের ঠিক আগেই কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমি আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করব এ বিষয়টি খতিয়ে দেখার জন্য।
এসময় তিনি আরো বলেন, উৎসুক জনতা ভিড় করে আগুন নিয়ন্ত্রণ কাজকে ব্যাহত করছেন। আমি আহবান জানাবো শুধু এখানকার আগুন নয়, যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা ভিড় না করে যদি ফায়ার সার্ভিসকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন তবে আমাদের কাজ আরও সহজ হবে।