দেশের একমাত্র মাছ প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত খলিফারগোনা থেকে ছিপাতলী পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়। বর্তমান বাজারে জব্দকৃত জালগুলোর প্রায় ৩ লাখ টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদীকে কার্পসহ সব ধরনের মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে।’ মো. শওকত আলীর নেতৃত্বে এতে অংশ নেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী লিংকন চৌধুরী, হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, সেকান্দার, তানভীর ও আদিল এবং আইডিএফের ঝন্টু বড়ুয়া।