অভিযানে অপহৃত শিশু উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় অপহৃত ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) কে উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রাকিব (২২), মো. ফয়সাল (৩২) ও মো.জাহাঙ্গীর আলম (৫৫)। তাদের মধ্যে ফয়সাল অপহৃত শিশুটির বাবার মামাত ভাই।
পুলিশ জানিয়েছে, অপহৃত শিশু রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (র.) স্কুলের নার্সারির শিক্ষার্থী। গত ২০ জুলাই সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফয়সাল বাবার অসুস্থতার কথা বলে ওয়াসিফা জান্নাতকে সিএনজি চালিত অটোরিকশায় করে নিয়ে যায়। এদিকে ছুটি শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে জান্নাতের সহপাঠী এক শিশুর কাছ থেে জানতে পারে, বাবা হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে জান্নাতকে সিএনজি অটোরিকশায় এক ব্যক্তি তুলে নিয়ে যান। এ ঘটনায় জান্নাতের বাবা দেলোয়ার হোসেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে টানা অভিযান চালিয়ে অপহৃত শিশু তাসকিনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ভিকটিমের বাবার আপন মামাতো ভাই ফয়সাল শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন।