সিইপিজেডে ডলার চুরির ঘটনায় নারী শ্রমিক গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) একটি কারখানা থেকে এক চীনা নাগরিকের ইউএস ডলার ও নগদ টাকা চুরির ঘটনায় নাজিরা আক্তার (৩১) নামের এক নারী শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার হবিগঞ্জের আজমীরিগঞ্জ থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১,৪১৭ ইউএস ডলার, নগদ ৯২ হাজার টাকা এবং চুরিকৃত অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ১৫ জুলাই সিইপিজেডের ‘এক্সেলসিয়র সুজ লিমিটেড’-এর কার্যালয়ে চীনা নাগরিকদের কক্ষ থেকে টেকনিশিয়ান ওয়াং দুনইউনের ২,৫০০ ডলার, ১ লাখ ৫০ হাজার টাকা, চীনা পরিচয়পত্র ও ডেবিট কার্ড চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে চুরিতে জড়িত একই প্রতিষ্ঠানের শ্রমিক নাজিরা আক্তারকে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ১৯ জুলাই কারখানার এইচআর ম্যানেজার মোঃ শাকিল বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামির গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে চুরিকৃত মালামাল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।