ঈদে যে কোনো প্রয়োজনে ৯৯৯-এর সহায়তা নিন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা

ঈদের সময় জরুরি প্রয়োজনে কিংবা পুলিশি সহায়তার প্রয়োজন হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা নিতে আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু আছে সেবাটি ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৯৯৯ জরুরি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন বাংলাদেশ পুলিশ পরিচালিত একটি কর্মসূচি।  যার অধীনে দেশের নাগরিকদের জরুরি সেবা দিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকে।

সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু রয়েছে এই সেবা।  ল্যান্ডফোন বা মোবাইল থেকে ৯৯৯-এ খরচ ছাড়াই কল করা যাবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের সময় যে কোনো জরুরি প্রয়োজন, যেখানে পুলিশি সহায়তা নেওয়া প্রয়োজন বলে মনে হবে, এক্ষেত্রে ৯৯৯ নম্বরে ফোন করে সেবা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হলো।

নাগরিকদের সেবা দিতে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯।  ২০১৭ সালের ১২ ডিসেম্বর এই সেবা চালু হয়।   পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার।

এখান থেকে শুধু পুলিশ নয়, জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যায়।  দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য ফোন করতে পারেন।