সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ কর্মসূচির আওতায় বন্দরের সকল খালি জায়গায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বন্দরের নবনির্মিত অত্যাধুনিক ওয়ান স্টপ সার্ভিস সেন্টার-এর সামনে ফুলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।

এ সময় বন্দর চেয়ারম্যান বলেন, “সবুজ ও পরিবেশবান্ধব বন্দর গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বন্দরের প্রতিটি খালি জায়গাকে সবুজে বেষ্টিত করা হবে। শুধু চারা রোপণ নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর কর্তৃপক্ষের মতে, এ সবুজায়ন কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বন্দরের আশপাশে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।