জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের শোলকবহর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবদল। গত সোমবার মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে পানিবন্দী ও নিম্নআয়ের মানুষের হাতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের খোঁজখবর নেওয়া হয়।

এ সময় যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেল বলেন, “প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের দুর্ভোগ লাঘবে যুবদলের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন এবং এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আকস্মিক এই সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দারা যুবদলের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।