জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাজ করছে চসিক: মেয়র

সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব স্থানের প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১৪ জুলাই) আগ্রাবাদ চৌমুহনী এলাকায় চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে সরেজমিন পরিদর্শনকালে এ কথা বলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে মেয়র চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে ওই এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মেয়র বলেন, গত সাত দিনের রেকর্ড বৃষ্টিপাতে যেসব এলাকায় পানি জমেছে, সেসব স্থান পর্যায়ক্রমে চিহ্নিত করা হচ্ছে। কোথায় কী কারণে পানি জমছে, তা সরেজমিনে তদন্ত করে মূল কারণ নির্ণয় করা হচ্ছে। শুধু পানি অপসারণ নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করাই চসিকের লক্ষ্য।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যদি যথাযথভাবে নিজেদের বর্জ্য ব্যবস্থাপনা না করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা ও কারাদণ্ডসহ প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডা. শাহাদাত হোসেন জানান, দেওয়ানহাট-আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা নিরসনে নাসির খাল, লালমিয়া খালসহ গুরুত্বপূর্ণ পানি প্রবাহের পথ দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, নারী নেত্রী ফাতেমা বাদশাসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।