কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে ১৩০ বস্তা সরকারি ভর্তুকির ইউরিয়া সার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনজুমানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে রাখা ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনায় পালংখালীর গয়ালমারা গ্রামের সোনা মিয়া ও তার ভাই ইউনুস, আনজুমানপাড়ার নুর মোহাম্মদ, পশ্চিম পালংখালীর বাদশা মিয়া এবং পূর্ব ফারির বিল এলাকার সাগরের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া সার জব্দ করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।