বোয়ালখালীতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক শিক্ষার্থীকে মারধর ও নির্যাতনের অভিযোগে মোহাম্মদ মোক্তিয়ার (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার কধুরখীল এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মো. ফরিদুল আলম বাদী হয়ে শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া মোক্তিয়ার নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার খাজা রোডের বাসিন্দা। তিনি কধুরখীলের আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের হিসাবরক্ষক ও শিক্ষক হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহ আল তাওসিফকে (১৪) খেলাধুলার অজুহাতে গালিগালাজ ও মারধর করেন অভিযুক্ত শিক্ষক। অভিযোগে আরও বলা হয়, মারধরের পর আহত শিক্ষার্থীকে কোনো চিকিৎসা না দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত একটি কক্ষে আটকে রাখা হয়। পরে আসরের নামাজের সময় সুযোগ পেয়ে সে পালিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল রানা জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।