‘এক টাকায় শিক্ষা’র ১০ম বর্ষপূর্তি উদযাপন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এক দশক ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক টাকায় শিক্ষা’। সংগঠনটির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের এক দশকের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সম্মাননা ও পুরস্কার বিতরণী পর্বে ক্লাসরুম শিক্ষকদের সার্টিফিকেট প্রদান, ‘বেস্ট টিচার অ্যাওয়ার্ড’ ঘোষণা এবং শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সংগঠনের স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন হৃদয়, চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, চাকসু নির্বাহী সদস্য সোহানুর রহমান ও সালমান ফরসী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অমর্ত্য সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি নাজিফা তাসনিম, ক্লাসরুম ইনচার্জ মো. রুম্মান আলম খান, সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বয়নি রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক অদ্রিতা ঘোষ, নিশাত তাসনিমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

তাহসিন ইবনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সানু আক্তার নদী।

অনুষ্ঠানে বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সংগঠনটির এক দশকের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, “বাংলাদেশে লাখো শিশু এখনও শিক্ষা থেকে বঞ্চিত। ‘এক টাকায় শিক্ষা’র মতো উদ্যোগের মাধ্যমে অনেক পথশিশু ও দরিদ্র শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

সংগঠনের সভাপতি সানু আক্তার নদী বলেন, “শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা। প্রতিষ্ঠার পর থেকে আমরা পথশিশু ও অসচ্ছল শিক্ষার্থীদের পাঠদান, এককালীন শিক্ষা বৃত্তি এবং বিভিন্ন শিক্ষাসহায়তা দিয়ে আসছি। আগামী দিনেও এই কার্যক্রম আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।”

উল্লেখ্য, ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনটির প্রতিষ্ঠাতা রিজুয়ান মুজকারি। সংগঠনটি পথশিশু ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে।

অনুষ্ঠানের শেষ পর্বে ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।