চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আইকিউএসি’র বার্ষিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইকিউএসি’র চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুণগত নিশ্চয়তা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।
এছাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সহযোগী পরিচালক ড. মো. মঞ্জুর উল হাসান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার, সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ এবং চুয়েটের কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম সভায় অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আইকিউএসি’র কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।