বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে রুহুল কবির রিজভী, ত্রাণ বিতরণ
‘অপরিকল্পিত উন্নয়নে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে’
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশখালা গ্রামের পশ্চিম বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মদ্দ্যার বর বাড়ি এলাকায় তিনি বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও লুটপাটের কারণে দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, যার প্রভাব হিসেবে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে। চলমান বন্যা পরিস্থিতিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে বাঁশখালীসহ চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম (বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।