বন্যাদুর্গতদের জন্য বিপিসির ২ হাজার ত্রাণ প্যাকেট হস্তান্তর

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ২ হাজার ত্রাণ প্যাকেট বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও এর অধীনস্থ চারটি প্রতিষ্ঠান।

রোববার (১৩ জুলাই) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে ত্রাণসামগ্রী জেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রাণ গ্রহণ করেন।

বিপিসির অধীনস্থ ইস্টার্ন রিফাইনারি পিএলসি., পদ্মা অয়েল পিএলসি., যমুনা অয়েল পিএলসি. এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যৌথভাবে এ ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

প্রতিটি ত্রাণ প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, একটি ফ্যামিলি সাইজ বিস্কুটের প্যাকেট, ৪ প্যাকেট নুডুলস, ৬টি ওরস্যালাইন এবং ২টি সাবান।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিপিসি ও এর অধীনস্থ কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।