চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, নিহত মো. রিফাত (২৮) পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। গত ২৩ জুন সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে বাসা থেকে কৌশলে ডেকে নেওয়া হয়। পরে দক্ষিণ কাট্টলী এলাকার আব্দুল সুফী চৌধুরী গ্যারেজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে তার ওপর হামলা চালানো হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের বাম হাঁটুর ওপরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ২–৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. শামীম (৩৫) ও সাজ্জাদ আলম শুভ (৩২)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বায়েজিদ বোস্তামী এলাকার বালুছড়া থেকে মারুফ (২৭) এবং হালিশহরের মাইজপাড়া এলাকা থেকে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত সুমন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।