চট্টগ্রামের ফটিকছড়িতে রাঙামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে| কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই ভরা মৌসুমে এসব গাছ কেটে ফেলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তারা| তবে বাগান কর্তৃপক্ষের পাল্টা দাবি-‘ওই জমি রাবার বাগানেরই আওতাভুক্ত’| ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই তাদের মালিকানাধীন জমিতে থাকা আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে|
ভুক্তভোগী আমিনুল হক ও আহমদুল হক জানান, গত বুধবার (১ জুলাই) রাতে তাদের মালিকানাধীন জমিতে থাকা আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়| এ ঘটনার জন্য তারা রাঙামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষকে দায়ী করছেন|
তাদের অভিযোগ, সংশ্লিষ্ট জমিটি রাঙামাটিয়া রাবার বাগান এলাকা থেকে অনেক দূরে অবস্থিত এবং প্রায় এক শতাব্দী ধরে তাদের পরিবারের দখল ও ভোগদখলে রয়েছে| ওই জমিতে তারা প্রায় পাঁচ হাজার আম, জাম, কাঁঠাল, বাঁশসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন| কিন্তু সম্প্রতি রাবার বাগান কর্তৃপক্ষ জমিটি নিজেদের দাবি করে কোনো ধরনের নোটিশ বা পূর্ব অবহিতকরণ ছাড়াই গাছগুলো কেটে ফেলেছে| আমিনুল হক ও আহমদুল হক বলেন, ‘এ ঘটনায় আমরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছি| ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই| এ বিষয়ে আমরা আইনগত প্রতিকার চাইব|’ কৃষি উদ্যোক্তা ওয়াহিদ কাউসার মওলা হিরুও রাঙামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে একইভাবে তার বাণিজ্যিক আমবাগানের কয়েক শ গাছ কেটে ফেলার অভিযোগ করেছেন|
গাছ কাটার বিষয়ে রাঙামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলম বলেন, ‘আমরা কোনো গাছ কাটিনি| সংশ্লিষ্ট জমিটি রাঙামাটিয়া রাবার বাগানের মালিকানাধীন| অভিযোগকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জমিটি জবরদখল করে আছেন|’