নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৈনিকভিত্তিক (মাস্টাররোল) শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পাকারমাথা এলাকায় বিদ্যুতের লাইন সংস্কার ও মেরামতের কাজ চলছিল। এ সময় দুই শ্রমিক বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তারা নিচে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন (শাটডাউন) না করেই শ্রমিকদের কাজ করতে পাঠানো হয়েছিল। কাজ চলাকালে লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।