বিকিকিনির জন্য প্রস্তুত হচ্ছে পোড়া বঙ্গবাজার

ইট বিছিয়ে চৌকি পেতে প্রস্তুত ব্যাবসায়িরা

পোড়া আবর্জনা সরিয়ে বালি ছড়িয়ে তার ওপর ইট বিছিয়ে চৌকি পেতে ঈদের আগেই বিকিকিনির জন্য প্রস্তুত করা হচ্ছে বঙ্গবাজারকে।  এক সপ্তাহ আগে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় এই পাইকারি বাজার।  ঈদের বাকি আর দুই সপ্তাহেরও কম।  এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের কিছুটা হলেও ব্যবসার সুযোগ করে দিতে এ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশরের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, বঙ্গবাজারের ১ দশমিক ৭৯ একর জায়গাজুড়ে বালি ও ইট বিছানোর কাজ চলছে।

দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের নেতৃত্বে এই জায়গা প্রস্তুত করা হচ্ছে।  করপোরেশন গঠিত তদন্ত কমিটিও এ কাজে সার্বিক সহযোগিতা করছে।  আবু নাছের জানান, পুরো এলাকায় ১৫০ গাড়ি বালি ফেলে প্রায় আড়াই লাখ ইট বিছানো হবে।  ইতোমধ্যে ৪০ গাড়ি বালি ফেলে প্রায় ৯০ হাজার ইট বিছানোর কাজ শেষ হয়েছে।  গত  সেমবার সকাল থেকে মার্কেটের জায়গা থেকে বর্জ্য অপসারণের কাজ চলছে।  কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হায়দর আলীর নেতৃত্বে এখন পর্যন্ত ১ হাজার ৬০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

গত ৪ এপ্রিল ভোর ৬টার দিকে আগুন লাগে বঙ্গবাজারে।  এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ হাজারের মতো দোকানি-ব্যবসায়ী, যারা ঈদকে সামনে রেখে লাখ লাখ টাকার কাপড় তুলেছিলেন দোকানে।  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি অংশ ঘুরে দাঁড়ানোর আশায় গত রোববার থেকে বঙ্গবাজারের দক্ষিণ পাশের সড়কে চৌকি বসিয়ে পণ্য বিক্রি শুরু করেছেন।  ধ্বংসাবশেষ এলাকায় পুলিশের নিরাপত্তা বেষ্টনীর পাশেই তারা বসিয়েছেন চৌকি।