খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।

স্পিকারের দপ্তর জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি।

১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের পরিবর্তিত রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খামেনি। ১৯৮০ সালে তিনি স্বল্প সময়ের জন্য দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর তিনি ইসলামি বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করে।