মরক্কোকে সামনে পেলেই চুপসে যায় ব্রাজিল!

মরক্কো পরীক্ষায় পাস করতে পারল না ব্রাজিল। নেইমার-বিহীন সেলেসাওরা মাঠের লড়াইয়ে কোনো ইমপ্যাক্টই রাখতে পারেনি। শেষপর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ১-১ সমতায় লজ্জার হার এড়ায় এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল।
গত বিশ্বকাপে রীতিমতো ঝড় তুলেছিল আটলাসের সিংহরা। সেবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল মরক্কো। আর ব্রাজিল, জায়ান্ট দল হয়েও টেনে-টুনে খেলেছিল কোয়ার্টার ফাইনাল।
অবশ্য মরক্কোকে সামনে পেলেই যেন কাগুজে বাঘ হয়ে যায় ব্রাজিল। বিশ্বকাপের সবশেষ ম্যাচের আগে আরও দুইবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মরক্কো। পরিসংখ্যান বলছে, এর মধ্যে একবার জয় পেয়েছে ব্রাজিল। আর একবার জিতেছে মরক্কো।
দুই দল প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেবার তারকা-নির্ভর ব্রাজিল দল ছিল খুবই শক্তিশালী। ওই দেখাতে মরক্কোকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। এরপর দুই দলের দেখা হয় প্রায় ২৫ বছর পর। ২০২৩ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় মরক্কো।
আর সবশেষ দেখায় শনিবার ব্রাজিলকে জয় নিয়ে মাঠ ছাড়তে দিলো না আটলাসের সিংহরা। সাম্প্রতিক পরিসংখ্যানেও ব্রাজিলের চেয়ে অনেকটা এগিয়ে ছিল মরক্কো। ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের সবশেষ পাঁচ প্রীতি ম্যাচের তিনটিতে জয় ও একটি ড্র নিয়ে মাঠ ছেড়েছিল তারা।
আর ব্রাজিল মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে সবশেষ পাঁচ প্রীতি ম্যঅচে জয়ের দেখা পেয়েছিল মাত্র দুটিতে। আর পরাজয়ের খাতায় যোগ হয়েছিল তিন ম্যাচ।