পূবাইলে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের বিন্দান এলাকায় শনিবার ভোররাতে পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আবু বকর সিদ্দিক।

ভুক্তভোগীর অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার নিজস্ব পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যায় এবং প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী আবু বকর সিদ্দিক বলেন,“পূর্ব শত্রুতার জের ধরেই আমার পুকুরে বিষ দেওয়া হয়েছে। এতে আমার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আমি এ ঘটনায় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেছি।”

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন,“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”