ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ কোচ সংযুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার থেকে চালু হওয়া এই বিশেষ সেবার আওতায় নির্দিষ্ট কয়েকটি আন্তঃনগর ট্রেনে শুধুমাত্র নারী যাত্রীদের জন্য আলাদা কোচ রাখা হয়েছে। সোমবার (২৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ঢাকা) এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনকালে কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। বিশেষ কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) ঢাকায় পৌঁছালে ওই ট্রেনের বিশেষ কোচে থাকা নারী যাত্রীদের স্বাগত জানানোর কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য এই বিশেষ কোচ সেবা চালু করা হয়েছে। সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এই বিশেষ সেবা ঈদের আগের তিন দিন, অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।