চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৬: বাংলাদেশ রেলওয়ে-এর মাননীয় মন্ত্রী চট্টগ্রামের CRB (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) এলাকার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট অবকাঠামো, চলমান কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের সম্মেলন কক্ষে পূর্বাঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি রেলওয়ের সেবার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও দক্ষ, কর্মঠ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, রেলওয়ের সেবার মান নিয়ে জনগণের মধ্যে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করতে হবে। এ লক্ষ্যে সেবার গুণগত মান বৃদ্ধি, সময়নিষ্ঠতা নিশ্চিতকরণ এবং যাত্রীসেবায় আন্তরিকতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
এছাড়াও বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। রেলের আয় বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ব্যয়ের তুলনায় আয় বাড়াতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
রেলওয়ের সম্পত্তি রক্ষার বিষয়েও তিনি কঠোর অবস্থান গ্রহণের নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে বলেন, রেলের কোনো জমি বা সম্পত্তি যাতে অবৈধভাবে দখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মতবিনিময় সভা শেষে কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।