লাক্স সুপারস্টার বিজয়ীরা কে কী পেলেন

শেষ হলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। এবারের আসরে সেরা সুন্দরী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

তবে মানুষের আগ্রহের শেষ নেই। অনেকের মনে প্রশ্ন জাগে, জয়ীরা আসলে কী পান? শুধু মুকুট, নাকি এর বাইরেও আছে বড় কিছু? লাক্স সুপারস্টারের এবারের আসরে বিজয়ীরা শুধু সম্মান নয়, সঙ্গে পেয়েছেন বিলাসবহুল উপহার ও বড় সুযোগও।

এবারের লাক্স সুপারস্টারের চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা পেয়েছেন স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি। চ্যাম্পিয়ন কি শুধু ট্রফিই পেয়েছেন? না। সঙ্গে পেয়েছেন বিলাসবহুল একটি গাড়ি।

ট্রফি ও গাড়ির পাশাপাশি তিনি পাচ্ছেন নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় অভিনয়ের সুযোগ।

 

এদিকে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। অন্যদিকে দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম; তার প্রাপ্তি তিন লাখ টাকা।

প্রসঙ্গত, লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রথমে বাছাই করা হয়। এরপর ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানটি প্রচার শুরু হয়। এবারের আসরে মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।

২০০৫ সালে এই সৌন্দর্য প্রতিযোগিতা শুরু হয়। কয়েক বছর নিয়মিত হওয়ার পর এটি বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালে আয়োজন করা হয়। সাত বছর বিরতির পর গত বছর শুরু হয় এর দশম আসর।