আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। সোমবার (০৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে আসছে নির্বাচনে দেশের ৩০০ আসনেই ব্যালেট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, “নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে এক হাজার ২৪০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেছে। যেহেতু সবগুলো ইভিএমই মেরামত করতে হবে সে পরিমাণ অর্থ নির্বাচন কমিশনের কাছে নেই। এ ছাড়া এটি সময়সাপেক্ষ ব্যাপার। তাই আগামী নির্বাচন ৩০০ আসনেই ব্যালেট পেপার ও স্বচ্চ ব্যালেট বক্সে অনুষ্ঠিত হবে।