গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খণ্ড এলাকায় একটি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিক নিহত হয়েছে।  নিহতরা হলেন, জামালপুরের মনোয়ার হোসেন (২৫), নোয়াখালীর পাভেল (২৩) ও  একই জেলার পিয়াস (২০)।

বৃহস্পতিবার (৩০ মার্চ ) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও ‍সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি বলেন,  অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়ে ভবন থেকে নীচে পড়ে যান তিন শ্রমিক।   এ সময় বৈদ্যুতিক তারেও দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে।  খবর পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে।”

এদিকে  স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা স্পৃষ্ট হন।  এতে তিনজন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।