নতুন ভূমি অপরাধ আইনে শুধু মৌখিক সম্মতিতে বোনের সম্পত্তি দখল করলে ভাইয়ের জন্য সাজার বিধান রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে নীতি সংলাপ ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ সভার আয়োজন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইখতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।
সভায় ভূমি সংক্রান্ত জটিলতা, নতুন ভূমি আইন ও ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন। উত্তরাধিকার আইন নারীদের জন্য বৈষম্যমূলক ও নারীরা নানা কায়দায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ জানান নারী প্রতিনিধিরা।
সচিব বলেন, ‘উত্তরাধিকার আইনের ক্ষেত্রে নারীদের বঞ্চিত করা হয়। ভাইদের টেনডেনসি আছে বোনদের বঞ্চিত করে জমি নিয়ে নেওয়া। ইটস অ্যা ক্রাইম। এটা যদি কেউ বলে আমার বোন মৌখিকভাবে আমাকে দিয়েছে, তাও মাফ নাই। ওই অপরাধে তাকে জেলে ঢুকতে হবে, সাজা তাকে পেতে হবে। এটা ভূমি অপরাধ আইনে আসছে।’
রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশের প্রতিনিধি সুরাইয়া বেগম বলেন, উত্তরাধিকার আইনে অনেক বৈষম্য আছে। তারপরও যতটুকু প্রাপ্য নারী সেটা পায় না। ভূমি মন্ত্রণালয় যখন ডিজিটালাইজেশনের কথা ভাবছে। উত্তরাধিকার আইনে নারী যখন সম্পত্তির অধিকারী হন, অটোমেটিক্যালি তিনি সেটা হবে কি না এমন কোনো সিস্টেম হবে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি।