এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৫.৯৫ শতাংশ

পাসের হারে এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  এবারের পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।  পাসের হারে এগিয়ে আছে মেয়েরা।  এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন।  এরআগে বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা।  এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসময় তিনি বলেন, করোনা মহামারীর আগে এপ্রিলে পরীক্ষা হলেও এবার মহামারী ও কিছু অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘটার ফলে যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। কিন্তু শিক্ষার্থীদের অনলাইনে পাঠ ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান ছিল।  এবারের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ১২টি সাবজেক্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়েছি, এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ।  আমরা এবার ডিজিটাল ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করেছি। শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফর্ম পূরণ করেছে, এমনকি আজকের ফলাফলও তারা অনলাইনে জানতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আজকের পর উচ্চশিক্ষা বা কারিগরি শিক্ষা, যে পথেই যান না কেন, যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পথে যাবেন। যেন দক্ষ, যোগ্য ও অবদানক্ষম নাগরিক হয়ে উঠতে পারেন।  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনারা অবদান রাখবেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ।  ঢাকা বোর্ডে জিপিএ- ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন।  রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।  সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন।  বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন।  সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ।  জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন।