রুমায় যৌথ বাহিনীর অভিযান, কেএনএফ সন্দেহে ৩ নারী আটক

বান্দরবানে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের পর শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে রুমা থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্দেহে ৩ নারীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সাথে থাকা চার শিশু মায়ের সাথে রয়েছে।

আটককৃতরা হলেন, সুশান্ত ত্রিপুরা স্ত্রী লাল রুয়াত ফেল বম (২০), লাল তোয়ান লিয়ান বমের মেয়ে লাল নুন পুই বম (১৯), লাল চয় সাং বমের স্ত্রী লাল এং কল বম (২৬)। তারা সবাই রুমা ইউপির গীর্জাপাড়ার বাসিন্দা।

সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নরুল হক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কেএনএফ সন্দেহে আটককৃত আসামী লাল রুয়াত ফেল বমের সাথে ৩ বছর বয়সী ইউনিক ত্রিপুরা নামে এক কন্যা সন্তান, লাল এং কল বমের সাথে দেড় মাস বয়সী স্টিফেন বম (দুগ্ধপোষ্য), ৪ বছর বয়সী লাল থার সাং বম নামে দুই ছেলে সন্তান ও ৩ বছর বয়সী লাল ফেলিনা বম নামে এক কন্যা সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল শনিবার রাত ৯টার দিকে রুমার গীর্জা পাড়া থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে রুমা থানায় আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান সদর থানায় আনা হয়। আজ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে তিন নারীকে রুমা অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত ২১জন নারীসহ ৬৯ জনকে রুমা ও থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় ৯টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর হয়েছে।