কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আগে থেকে স্থাপন করা হলেও ইতোমধ্যে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে।
এ অবস্থায় চকরিয়া উপজেলা প্রশাসন সদ্য নির্মিত নতুন উপজেলা পরিষদের সামনে (চকরিয়া মডেল মসজিদের পাশে) উপজেলা পরিষদের জায়গায় নতুন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
এরই আলোকে সোমবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদে উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নতুন ভাস্কর্য স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে জাগ্রত করতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীন বাংলাদেশ বির্মিমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, তাঁর জীবন আর্দশ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য স্থাপনে চকরিয়া উপজেলা পরিষদের জায়গায় এই উদোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল ভাস্কর্য স্থাপনে নতুন স্থান নির্ধারণপুর্বক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, চকরিয়া পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন।