চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাডভ্যানে প্রকাশ্যে সিএনজি গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন। জরিমানা করেছে এক লক্ষ টাকা। বৈধ কাগজ প্রদর্শন করা পর্যন্ত গ্যাস বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও সিলিন্ডারে থাকা গ্যাস উম্মুক্ত পরিবেশে ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলার পিএবি প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া পুরাতন ব্রিক ফিল্ড সংলগ্ন মাঠের পাশে দীর্ঘদিন ধরে সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে স্থাপিত শামান্তা মোবাইল সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে বিক্রি করা হচ্ছে গ্যাস। অনুমোদনহীন ফিলিং স্টেশনে এই গ্যাস সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারে দেয়া হচ্ছিল।
বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী, চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তর এর সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন ও বাঁশখালী থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বলেন, খোলা আকাশের নিচে গ্যাস বিক্রি গ্যাস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। অনুমোদন ব্যতিরেকে ফিলিং স্টেশন স্থাপন করে কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি করার অপরাধে গ্যাস আইনে ২০১০ এর ১৩(গ) ধারায় ০১ (এক) লক্ষ টাকা জরিমানা ও গ্যাস বিক্রিতে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।