বাঁশখালীতে বন্যহাতির আক্রমনে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আজগর হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ইউনিয়নের জঙ্গল চাম্বল রইব্বার ঝিরি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত আজগর হোসেন (৬৫) পূর্ব চাম্বল খলিফা পাড়া এলাকার মৃত পুতন আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চাম্বল গ্রামের আজগর হোসেন রাতে জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায় নিজস্ব সব্জি ক্ষেত পাহারা দিতে যায়। আজ পথিমধ্যে বন্যহাতির পালের সামনে পড়ে গেলে বন্যহাতির আক্রমনের শিকার হয়। দুর্ঘটনাস্থল হতে আজগর হোসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাম্বল বনবিটের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, শনিবার বিকেলে স্থানীয় কৃষক আজগর হোসেন পাহাড়ের ঢালুতে সবজিক্ষেতে যাওয়ার সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। কৃষক আজগর হোসেনের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের পরিবারকে সরকারীভাবে সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।