উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা নিহত, আহত ৫

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন যাত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত রোহিঙ্গা হলো উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ-৫ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে মৌলভী ইদ্রিস (৪৭)। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে শাহপুরীর দ্বীপ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানিয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকাল ১১টার সময় উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহতরা হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে গাড়ি চালক খায়রুল বাশার (৪০), উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্টের বাসিন্দা আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ (২০), উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অলি আহাম্মদের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও অলি আহমদের ছেলে নুর হাসিম (১২)।

গুরুতর আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানিয়েছেন।