মাতামুহুরী নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে নদীর বাটাখালী এলাকায় নিখোঁজের ২০ ঘণ্টা পর ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সোমবার বিকাল ৪টার দিকে নদীর চকরিয়া অংশের বাটাখালী ব্রীজের অদূরে নিখোঁজ হন এই জেলে।

চকরিয়া পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জেলে আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে।

কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, বিকালে মাতামুহুরী নদীর বাটাখালী পয়েন্টে জাল দিয়ে মাছ ধরতে নামে আবুল কাশেমসহ পাঁচ জেলে। জাল ফেলার পর নদীর তলদেশে জাল আটকে যায়। এক পর্যায়ে কাশেম পানিতে ডুবে জাল ছাড়িয়ে আনতে গেলে নদীর তলদেশে হারিয়ে যান। এরপর চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।