রেসলিং তারকা জন সিনার কণ্ঠে সম্প্রতি শাহরুখের ‘দিল তো পাগল হ্যায়’ ছবির একটি গানের ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ বেশ সাবলীলভাবেই হিন্দি উচ্চারণ করতে দেখা যায় এই রেসলারকে। বিষয়টি দারুণ উপভোগ করেছেন শাহরুখ ভক্তরা।
আন্তর্জাতিক মানের কয়েকজন রেসলার হলিউডের জনপ্রিয় অভিনেতা। তাদের মধ্যে অন্যতম রেসলার জন সিনা। অন্যদিকে, বলিউডের বাদশাহ শাহরুখ খান। গোটা বিশ্বজুড়েই রয়েছে যার অসংখ্য ভক্ত।
মূলত, ভারতীয় রেসলার গুরব সিহরার সঙ্গে জিম করেন জন সিনা। সেখানেই উঠে আসে শাহরুখ প্রসঙ্গ। গুরব একজন শাহরুখ ভক্ত। পছন্দের তারকাকে নিয়ে জন সিনার সঙ্গেও আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। এরই এক ফাঁকে একটি ভিডিও ধারণ করেন এই রেসলার। যেখানে শাহরুখ অনুরাগী হিসেবে জন সিনার কণ্ঠে একটি গান উপহার দেয়ার চেষ্টা করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, প্রথমে শাহরুখকে নিয়ে কিছু কথা বলেন গুরব। এরপর তার গলায় তোলেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় গান ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি…’ গানটি। জন সিনাও এসময় তাকে অনুসরণ করে গাইতে থাকেন শাহরুখের গান।
অনেকেই জন সিনাকে ধন্যবাদ জানিয়েছেন। আবার অনেকেই শাহরুখ খান ও জন সিনাকে একসঙ্গে একই ফ্রেমে দেখতে চাওয়ার আবদার জানিয়েছেন।