চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা নদভী এমপির গানম্যান আবদুল্লাহ-আল-মামুন প্রকাশ মামুন মিয়া প্রত্যাহার করে নিয়েছেন নির্বাচন কমিশন।
গত সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট আব্দুল মোতালেব এ অভিযোগ দেওয়ার পর বিকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামুন মিয়াকে প্রত্যাহার করে নেন। এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস আবদুল মোতালেবের অভিযোগের বিষয়ে মামুন মিয়াকে এমপির গানম্যান থেকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে মোতালেব বলেন, এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী তাঁর নির্বাচনী প্রচারণায় এতদিন দায়িত্বে থাকা সরকারি গানম্যান মামুন মিয়াকে সার্বক্ষণিক তাঁর সাথে রাখছেন এবং ভোটার ও অন্যান্য প্রার্থীর সমর্থক স্থানীয় নেতা কর্মীদের ভয় ভীতি প্রদর্শন করছেন। এমনকি বিভিন্ন কেন্দ্রে ও ভোটারদের নিকট উক্ত গানম্যান দ্বারা নগদ টাকা বিলির খবরও জানা গেছে। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী সরকারি গানম্যান ব্যবহার করা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ এর ১৪(২) এর সুস্পষ্ট পরিপন্থি। তাই প্রচারণাকালে গানম্যান নিয়ে হুমকি ধমকি দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার এই অপচেষ্টার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ জরুরী মনে করছি। পাশাপাশি কনস্টেবল মামুন মিয়ার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
জানা গেছে, পুলিশ কনস্টেবল মামুন মিয়া গানম্যান হিসেবে বিগত কয়েক বছর ধরে এ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আবু রেজা নদভী এমপির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
গানম্যান প্রত্যাহারের বিষয়ে এমপি আবু রেজাকে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান মামুন মিয়াকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।