ঘানার আউচেই কি বিশ্বের দীর্ঘতম মানব!

ঘানার উত্তরাঞ্চলের গাম্বাগা গ্রামের বাসিন্দা সুলেমানা আবদুল সামেদকে (ডাকনাম আউচে) স্থানীয় হাসপাতাল সম্প্রতি এক চেক-আপের সময় জানায়, তার উচ্চতা এখন বেড়ে হয়েছে ৯ ফুট ৬ ইঞ্চি বা ২.৮৯ মিটার।  এই রেকর্ডের সাথে মিলিয়ে দেখলে তিনিই হচ্ছেন বর্তমানে বিশ্বের দীর্ঘতম মানব।

তবে গ্রামের ওই হাসপাতালের নার্সরা তার উচ্চতা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নন, কারণ সামেদকে নির্ভুলভাবে মাপার উপযুক্ত যন্ত্র সেখানে নেই।

আউচে এক বিরল স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত, যার নাম জাইগ্যান্টিজম।  বেশ কয়েক বছর আগে তার এ রোগ ধরা পড়ে এবং প্রতি মাসেই তাকে হাসপাতালে যেতে হয়।

শেষবার হাসপাতালে তাকে পরীক্ষা করার সময় বিস্মিত নার্সটি বলেন, আউচে এখন উচ্চতা মাপার মেশিনটির চাইতেও দীর্ঘকায় হয়ে গেছেন।  তখন সেই মেশিনের সাথে বাড়তি একটি কাঠি লাগিয়ে এবং ১৬ ফুট লম্বা টেপ দিয়ে কয়েকজন মিলে তার উচ্চতা মাপেন।  আর এভাবেই বের হয় যে আউচের উচ্চতা এখন সাড়ে নয় ফুট।

কয়েক মাস আগে যখন আউচের উচ্চতা মাপা হয়, তখন তার উচ্চতা ছিল ৭ ফুট ৪ ইঞ্চি।

গিনেস বুক অব রেকর্ডসের তথ্য অনুযায়ী, বর্তমান পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত লোক হলেন তুরস্কের সুলতান কোসেন (৪০)।  তার উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি।  সে সময় তার চেয়ে উচ্চতায় অল্প কিছু পিছিয়ে ছিলেন আউচে।

সুলেমানা আবদুল সামেদ ওরফে আউচের বর্তমান উচ্চতা যদি ৯ ফুট ৬ ইঞ্চি হয়, তাহলে তিনিই পৃথিবীর দীর্ঘতম ব্যক্তি।