হাতিয়ায় ধানখেতে মিললো বিষধর রাসেল ভাইপার

নোয়াখালীর হাতিয়ায় একটি ধানখেত থেকে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপ পাওয়া গেছে। জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে বনবিভাগ সাপটি উদ্ধার করে। মাঝারি আকৃতির রাসেল ভাইপার সাপটিকে অজগর সাপ ভেবে উদ্ধার করে এলাকাবাসী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাপটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে প্রেরণ করে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ।

জানা যায়, বাংলাদেশে প্রায় বিলুপ্ত ভয়ংকর বিষধর সাপ রাসেল ভাইপারের সন্ধান মিলেছে। এর আগে রাজশাহী এবং পাবনায় কয়েকটি জেলায় দেখা মিললেও নোয়াখালীতে এবার প্রথমবারের মতো দেখা মিলল এই ভয়ঙ্কর সাপটির। হাতিয়া উপজেলা চানন্দী ইউনিয়নে সাঈদপুর গ্রামের আজাদের বাড়ির পাশে ধানখেতে অজগর সাপ ভেবে সাপটিকে ধরে স্থানীয়রা। পরবর্তী সময়ে ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফকে জানানো হয়। তিনি সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে ঘটনাস্থলে প্রেরণ করে। আনোয়ার হোসেন সাপটি উদ্ধার করে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের কাছে হস্তান্তর করেন। পরবর্তী সময়ে সাপটি চট্রগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের কাছে হস্তান্তর করা হয়।