ধূমপান ও তামাকমুক্ত রেলসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “Initiative to Make Bangladesh Railways Tobacco Free (IMBRTF) Phase-3” শীর্ষক প্রকল্পের আওতায় শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) কার্যালয়, রাজশাহীতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ।
প্রশিক্ষণে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২৬, রেলওয়ে আইন, ১৮৯০ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে হাসপাতালের কর্মকর্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), জিআরপি পুলিশ, স্টেশনে কর্মরত কর্মচারী এবং রানিং ট্রেনের কর্মচারীসহ মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “রেলসেবার মান উন্নয়নে ধূমপানমুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রেল প্রাঙ্গণে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব যাত্রীসেবা প্রদান সম্ভব হবে, যা বাংলাদেশ রেলওয়ের মিশন ও ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তামাকমুক্ত রেল পরিবেশ গড়ে তুলতে আইনগত বিধান ও প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।