মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকী জলই গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। জানা যায়, একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে একজন ব্যক্তি ছাগলটি উদ্ধারের জন্য গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে পর্যায়ক্রমে আরও কয়েকজন নিচে নামলে তারাও দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে, গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অসুস্থ হয়ে পড়ে প্রাণ হারান।
নিহতরা হলেন— নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫), গ্রাব্রিয়েল নকরেক (৪৫) এবং বাবলু হাজং (৩৫)।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হচ্ছে।