কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকাজুড়ে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীর ২০০টিরও বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো। গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) সমন্বিতভাবে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। এছাড়া ডিএমপির চারটি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা যায়।
ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে ১৮ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
এদিকে চলতি মাসে রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানের তথ্যও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। ডিএমপির তথ্যমতে, জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত বিভিন্ন অভিযানে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরির ঘটনায় ১২১ জন, দস্যুতা সংশ্লিষ্ট ১১৩ জন এবং ডাকাতি মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ডিএমপির থানা, গোয়েন্দা শাখা ও সিটিটিসির অভিযানে এ মাসে এ পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে চারজন তালিকাভুক্ত চাঁদাবাজ বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।