দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের তফসিলকে অবৈধ দাবি করে সেটি বাতিল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ ও যুগ্ম সচিব লায়ন আসলাম চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট পৌর এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ ও যুগ্ম সচিব লায়ন আসলাম চৌধুরীসহ ২২ হাজার নেতাকর্মীর মুক্তি, অবৈধ তফসিল বাতিল, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ১০ম দফায় দেশব্যাপী বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা হরতাল সমর্থনে এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ।
বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী। বিক্ষোভ সমাবেশটি বারৈয়ারহাট পৌর বাজারের উত্তর পাশ থেকে শুরু হয়ে খান সিটি সেন্টার প্রদক্ষীণ করে বারৈয়ারহাট পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সমাপ্ত করা হয়।