বাড়িঘর পুড়লে দ্রুত সহযোগিতা, বাণিজ্যিক প্রতিষ্ঠান হলে অবহেলা!

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় একটি গ্যারেজের ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়া হয়নি। ফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসন থেকে কোনো সহযোগিতা পায়নি।

অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পার হতে চলল, ক্ষতিগ্রস্তরা কোনো সহযোগিতা না পাওয়ার বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান বলেন, দোকান আর ঘরের মধ্যে পার্থক্য আছে। যদি বাড়িঘরে আগুন লাগে আমরা তাৎক্ষণিকভাবে সহযোগিতার ব্যবস্থা করি। যেমনটা কিছুদিন আগে বড়হাতিয়াতে করেছিলাম।

এদিকে, দ্রুত ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অবস্থা খুব একটা ভালো তাও নয়, অগ্নিকাণ্ডে সবাই পথে বসে গেছে। ফলে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল সেই বিষয়ে তদন্ত কমিটি এখনও রিপোর্ট জমা দেয়নি। কমিটি রিপোর্ট জমা দিলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

দেশ বর্তমান/এআই