বিভিন্ন কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আবারও আলোচনায় তিনি। এবার বলিউডে কাজ করতে যাচ্ছেন হিরো আলম! আর নায়িকা হিসেবে থাকবেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এই অভিনেত্রীর সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন হিরো আলম। যেখানে তিনি দাবি করেছেন, বলিউডে রাখি সাওয়ান্তের সঙ্গে এক সিনেমায় কাজ করবেন। সিনেমার নাম ‘গ্যাংস্টার’। এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন বহুল বিতর্কিত আরাভ খান।
হিরো আলম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। যেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি। সেখানেই রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরের। আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে গেছেন এই বিতর্কিত অভিনেত্রী।
হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে চিৎকার করে রাখি বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।