স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম পরিচালনার ফলে চট্টগ্রাম বন্দরের নিয়মিত কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ।
রোববার (১২ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বাড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক বন্দর পরিচালনায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেধাভিত্তিক এ উদ্যোগের ফলে সেবার মান উন্নত হয়েছে এবং বন্দরের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে বন্দরে ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এর আগে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে ১৪৪ জন সরাসরি নিয়োগ এবং ৭৯৯ জন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি হয়েছিল।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার ধারা অব্যাহত রেখে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে আরও কার্যকর ভূমিকা রাখতে তারা কাজ করে যাবে।