গোয়ায় বিশেষ অভ্যর্থনা পেল জয়ার ‘ফেরেশতে’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ফেরেশতে’।  ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমাটি ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।  পেল বিশেষ অভ্যর্থনা।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে গোয়া ফিল্ম ফেস্টিভালে ‘ফেরেশতে’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।  যেখানে জয়া আহসান ছাড়াও উপস্থিত ছিলেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম এবং জয়ার সহ-অভিনেতা সুমন ফারুক এবং অন্যান্যরা।

উৎসবের বেশকিছু ছবি সামাজিকমাধ্যমে ঘুরছে।  যেখানে বাঙালিয়ানা লুকে জয়ার উপস্থিতি নিয়ে মুগ্ধতা জানাচ্ছেন দেশী দর্শক।  সেইসঙ্গে জানতে চাইছেন, দেশের দর্শক কবে নাগাদ ‘ফেরেশতে’ দেখতে পারবেন!

এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন মুর্তজা অতাশ জমজম ও মুমিত আল রশিদ।  জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরও বেশ ক’জন শিল্পী অভিনয় করেছেন ‘ফেরেশতে’ সিনেমাতে।  তাদের মধ্যে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

‘ফেরেশতে’ সিনেমাটি ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে।  পরে ঈদুল ফিতরে সিনেমাটি জনসাধারণকে দেখানোর চেষ্টা করছেন নির্মাতারা।