ঢাকাই চলচিত্রের নায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী মারা গেছেন । বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মধ্যরাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ।
ফেসবুকে তিনি লিখেন, আমাদের শ্রদ্ধেয় নানুভাই… পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণি নানুভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।
আরও লিখেন, সবাই পরীর জন্যে, পরীর নানুভাইয়ের জন্যে দোয়া ও প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়। আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।
নায়িকা পরিমণির নানার বাড়ি পিরোজপুরে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর নানা বাড়িতেই মানুষ হয়েছেন পরিমণি। নানাবাড়িতে থেকেই পড়াশোনা করেছেন তিনি । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন নানাবাড়ি থেকেই।
পরিমণির নানা পিরোজপুরেই থাকতেন। তবে পরিমণির আবদারে মাঝে মাঝেই পরিমণির বাসা ঢাকায় ছুটে আসতেন তিনি।