মনোনয়ন পর্ব শেষ হলে বুঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা : শিক্ষামন্ত্রী

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, নির্বাচনী মনোনয়ন পর্ব শেষ হলে বুঝা যাবে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে, না কী জোট ছাড়া নির্বাচন করবে। কিংবা আমাদের সাথে যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবে তাতে কোন দল বেশি শক্তিশালী, কোন দল কম শক্তিশালী সেটা পরে বুঝা যাবে। আমরা চাই নির্বাচনে সকলেই অংশগ্রহণ করুক।

তিনি বলেন, ইতিমধ্যে সারা বিশ্ববাসীর কাছে প্রমাণ হয়েছে আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাই আমি মনে করি, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামী দিনের পছন্দের সরকার কে গোপন ব্যালটের মাধ্যমে বেছে নিবে।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গতকাল ২২ নভেম্বর বুধবার দুপুরে চাঁদপুরস্থ কদমতলা রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীনতম একটি রাজনৈতিক দল, তাই প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে । অতএব যোগ্য সকলের মনোনয়ন চাইবার গনতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত কিন্তু চাইবার অধিকার সবার আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এরপূর্বে তিনি চাঁদপুরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন এমন প্রয়াত বেশকজন নেতার কবর জিয়ারত করেন এবং পরিবার গুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।